গাইবান্ধায় পানিসম্পদের দুটি বৃহৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস

দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় গৃহীত ৯৬টি বৃহৎ প্রকল্পের মধ্যে গাইবান্ধা জেলায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (৮ আগস্ট) নৌপথে গাইবান্ধার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ফুলছড়ি উপজেলার দক্ষিণ কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রতিমন্ত্রী নৌপথে সুন্দরগঞ্জের শ্রীপুর, লাল-চামার, সদর উপজেলার চিথুলিয়া-দিঘড় এবং ফুলছড়ির জিগাবাড়ী ও উড়িয়া ইউনিয়নের বন্যা ও নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পথসভায় প্রতিমন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৯৬টি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি তাৎক্ষণিকভাবে নদীভাঙন প্রতিরোধে ৫৮টি জরুরি প্রকল্প নেওয়া হয়েছে এবং আগামী দু-এক দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে কাজ শুরু করতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে নদীভাঙনের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে, যার ফলে এই অঞ্চলের মানুষ আজ চরম ক্ষতির মুখে পড়েছে।

অনুষ্ঠানে ফুলছড়ি-সাঘাটা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button