৪ মাস মেলেনি সাপ্তাহিক ছুটি, নির্যাতনের অভিযোগে আত্মহত্যা নারীর


কর্মক্ষেত্রে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরে বিষাক্ত কীটনাশক পান করে নাগেশ্বরী নামের এক নারী আত্মহত্যা করেছেন।
তিনি হিনাকালের রিল্যায়েন্স মার্টে পিপিএমএস এজেন্সি নামের একটি বিপণন সংস্থার মাধ্যমে প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।
মৃত্যুর আগে রেখে যাওয়া চিরকুটে নাগেশ্বরী অভিযোগ করেন, গত চার মাস ধরে তাকে কোনো সাপ্তাহিক ছুটি দেওয়া হয়নি এবং জরুরি প্রয়োজনেও ছুটি মিলত না। উল্টো অন্যায় আচরণের প্রতিবাদ করায় তাকে চাকরিচ্যুত করা হয়।
চিরকুটে ‘ডলি’ নামের এক সুপারভাইজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত নির্যাতন ও হেনস্থার সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন তিনি।
নিহতের মা রত্নাম্মা কান্নাজড়িত কণ্ঠে জানান, ছোটখাটো বিষয়েও মেয়েকে চরম কষ্টে রাখা হতো, যার ফলে গত ১৫ দিন ধরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মহীশূর রাজ্য পুলিশ ঘটনাটি নিয়ে মামলা দায়ের করেছে এবং কর্মক্ষেত্রে নির্যাতনের সব অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে।




