রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর জামায়াতে ইসলামী এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। উক্ত বৈঠকেই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এছাড়া নির্বাহী পরিষদের এই বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার প্রক্রিয়া এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




