মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোলাম সারোয়ার জাল কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন এবং সেই ভুয়া পরিচয় দিয়ে সংগৃহীত ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গোলাম সারোয়ার শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের প্রত্যক্ষ সহযোগী হিসেবে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

উল্লেখ্য, বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে দেশে থাকা সহযোগীদের নির্দেশ দিয়ে চাঁদাবাজি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি, গুলি বর্ষণ এবং হত্যাকাণ্ডের মতো একাধিক অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশসহ হাটহাজারী ও রাউজান এলাকায় তার ক্যাডার বাহিনীর তৎপরতা রয়েছে।

Related Articles

Back to top button