জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল বোর্ড


২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশে সব মিলিয়ে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মধ্যে ১৪ হাজার ৯২০ জন ছাত্র এবং ১৮ হাজার ৩৩৩ জন ছাত্রী। অন্যদিকে বরিশাল বোর্ডে সবচেয়ে কম ২ হাজার ৭৭৮ জন জিপিএ-৫ পেয়েছে, যেখানে ছাত্র রয়েছে ১ হাজার ১৯৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৮৫ জন।
অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১৬ হাজার ১১৩ জন, দিনাজপুর বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ হাজার ৭০০ জন এবং সিলেট বোর্ডে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন এবং মাদ্রাসা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।




