ফের হাসপাতালে ভর্তি দীপিকা, উদ্বিগ্ন একমাত্র সন্তানকে নিয়ে

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। যকৃতে (লিভার) দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে তাঁর একটি টিউমার বাদ দেওয়া হয়েছিল।

তবে সেই ধকল এখনো পুরোপুরি কেটে ওঠেনি। প্রায়শই অসুস্থ হয়ে পড়া এই অভিনেত্রীর সম্প্রতি দ্বিতীয় দফার ইমিউনোথেরাপি শুরু হয়েছে। আর এই চিকিৎসার জেরেই আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাঁকে।

সম্প্রতি হাসপাতাল থেকেই দীপিকার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তাঁর স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। সেখানে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে দীপিকা বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গিয়েছে। ২০-২১ দিন পর পরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’

শোয়েব ইব্রাহিম জানান, বেশ কিছু দিন ধরেই দীপিকার শরীরে তীব্র আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি পূরণের জন্যই মূলত হাসপাতালে এনে তাঁকে আইভি ড্রিপ (স্যালাইন) দেওয়া হচ্ছে।

পাশাপাশি দীপিকা জানান, ক্যানসারের বেশ কিছু ভারী ওষুধের প্রতিক্রিয়ায় তাঁর প্রচণ্ড ঝিমুনি আসছিল। মূলত সেই শারীরিক অস্বস্তির কারণেই এক রাতের জন্য তাঁকে হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

নিজের এই দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে একমাত্র ছেলে রুহানকে নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটছে এই অভিনেত্রীর। দীপিকার দাবি, মায়ের এই অসুস্থতার প্রভাব পড়েছে একরত্তি শিশুর ওপরেও। গত কয়েক সপ্তাহে ছেলের স্বভাবের মধ্যে বেশ কিছু স্পষ্ট পরিবর্তন লক্ষ করেছেন তিনি।

দীপিকা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশ না-থাকা এবং মাকে বারবার হাসপাতালে যেতে দেখার কারণে রুহান একাকিত্বে ভুগছে। আগের চেয়ে সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। তাই শত শারীরিক কষ্টের মাঝেও এই তারকা দম্পতি এখন ছেলেকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করছেন।

Related Articles

Back to top button