ভোলার আলোচিত ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার ২


ভোলার চরফ্যাশনে আলোচিত ব্যবসায়ী আলাউদ্দিন রাঢ়ী (৫০) হত্যা মামলায় দুলাল দালাল (৫০) ও মো. হেমায়েত (৪৫) নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শশীভূষণ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান।
গত ১৮ আগস্ট রাতে চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন আলাউদ্দিন। পরে স্থানীয়রা বিলের হাঁটু পানিতে তাঁর মরদেহ দেখতে পান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শশীভূষণ থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গামছা উদ্ধার করা হয়। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ জানান, গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




