অর্থনীতির আগাম সংকেত দিতে পারে পিএমআই: সেমিনারে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ

অর্থনীতির গতি, ব্যবসায়িক কর্মকাণ্ড ও সম্ভাব্য ঝুঁকি দ্রুত বুঝতে পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স (পিএমআই) কার্যকর ‘আগাম সংকেত’ বা ‘আর্লি-ওয়ার্নিং’ হিসেবে কাজ করতে পারে। সরকারি জিডিপি বা উৎপাদন পরিসংখ্যান প্রকাশের আগেই এটি ব্যবসায়িক পরিবর্তনের সময়োপযোগী আভাস দেয়।

সোমবার (৩১ আগস্ট) গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের সাথে যৌথভাবে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে এফসিডিও-এর জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা অ্যাডাম অ্যাস্পডেন, এমসিসিআই সিইও ফারুক আহাম্মাদ এবং পলিসি এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার হাসনাত আলম বক্তব্য রাখেন।

সেমিনারে জানানো হয়, পিএমআই স্কোর ৫০-এর ওপরে থাকলে ব্যবসায়িক সম্প্রসারণ এবং ৫০-এর নিচে সংকোচন বোঝায়। ২০২৪ সালের জুলাইয়ে দেশের রাজনৈতিক অস্থিরতায় সূচক কমে ৩৬.৯-এ নামে। তবে ২০২৬ সালের মে-জুন মেয়াদে ঈদের ছুটি ও ১৫ শতাংশ ভ্যাটের প্রভাবে ৯.৯ পয়েন্ট কমলেও সূচক ৫২.৯-এ অবস্থান করায় তা সম্প্রসারণের বার্তা দেয়।

বর্তমানে কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ৪০০টি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে প্রতি মাসে এই সূচক তৈরি করা হয়। আন্তর্জাতিক গবেষণায় ইউরোজোনে জিডিপির সাথে পিএমআই-এর ৮২ থেকে ৮৩ শতাংশ সম্পর্ক পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা মনে করেন, মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি পূর্বাভাস এবং তৈরি পোশাক (আরএমজি) ও ক্ষুদ্র-মাঝারি (এমএসএমই) শিল্পের টেকসই কৌশল গঠনে পিএমআই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও সিদ্ধান্ত গ্রহণকে আরও তথ্যনির্ভর করতে খাতভিত্তিক পিএমআই-এর পরিধি বাড়ানোর পরামর্শ দেন তারা।

Related Articles

Back to top button