পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে লাথি, ভিডিও ভাইরালে রাজবাড়ীতে তোলপাড়

রাজবাড়ী শহরে ব্যবসায়িক বিরোধের জেরে জাকিয়া সুলতানা নামে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটেছে।


শনিবার দুপুরে শহরের কাপড় বাজার এলাকায় সদর থানা পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা পুলিশ যখন জাকিয়া সুলতানাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এক যুবক এসে তাকে সজোরে লাথি মারেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। ভুক্তভোগী জাকিয়া কাপড় বাজারের ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

জাকিয়া সুলতানের দাবি, তার প্রতিষ্ঠানের সাবেক এক কর্মচারী হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য দোকানে চলে যান। এ নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতিতে অভিযোগ দেওয়ার পর থেকেই তাকে দোকান বন্ধের হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার পুলিশের কাছ থেকে অজ্ঞাত যুবকরা তার ওপর হামলা চালায় উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকদের সহযোগিতায় সংবাদ সম্মেলন করে তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

তবে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ জাকিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে জানান, তিনি কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কারা লাথি মেরেছে তা তিনি প্রথমে জানতেন না বলে দাবি করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উভয় পক্ষের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতা ও সমাধান করা হয়েছে।

Related Articles

Back to top button