নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।


আজ সোমবার (৩১ আগস্ট) সকালে নেপাল পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানের পঞ্চম দিনে এ পর্যন্ত ৯০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২৪৭ জন। নিখোঁজদের মধ্যে ৩২০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

বন্যা ও পাহাড়ি ঢলে নেপালের আটটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চিতোয়ানে ২৭২, নওয়ালপারসি পূর্বে ২০র্থ, নওয়ালপারসি পশ্চিমে ১৫১ এবং গোর্খা জেলায় ৬২ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া নুয়াকোটে ৯৫, ধাদিঙে ৫৫, তানাহুতে ৩৭ এবং রাসুয়ায় ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে রাসুয়ার ভোটেকোশি নদীর প্রবল স্রোত ও কাদার ঢল লোকালয় নিশ্চিহ্ন করে ভেসে নিয়ে যায় বহু মানুষকে।

কাদামাটির নিচে আটকে থাকা ও কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়া মরদেহগুলো শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। চেনার উপায় না থাকায় ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে। মর্গে জায়গা না হওয়ায় পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে মরদেহগুলো গণকবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।

এদিকে নেপাল সীমান্তের ওপারে চীনের তিব্বতে এই বিপর্যয়ে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৭ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে বেইজিং। নিখোঁজদের মধ্যে ভারতের তামিলনাড়ু থেকে কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া ৪৯ জন পর্যটক এবং পশ্চিমবঙ্গের ৩৭ জনসহ বহু ভারতীয় নাগরিক ও জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রয়েছেন। স্বজনদের সন্ধানে কাঠমান্ডুর হাসপাতালগুলোতে মানুষের ভিড় বাড়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির প্রশাসন।

Related Articles

Back to top button