ঢাকা-১৩ আসনে ব্যাটারিচালিত অটোরিকশাবিরোধী অভিযান

অটোরিকশা উচ্ছেদ ও চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন

ঢাকা-১৩ আসনের যানজট নিরসন ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের পাশাপাশি অবৈধ চার্জিং স্থাপনা ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


আজ সোমবার (৩১ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গত শনিবার অনুষ্ঠিত এক টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার তীব্র যানজট ও ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভায় উপস্থিত ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নাগরিকদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকেই সোমবার এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সড়ক থেকে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা সরিয়ে নেওয়ার পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জ দেওয়ার সরঞ্জাম জব্দ ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ও যেখানে-সেখানে চার্জিং পয়েন্টের কারণে এলাকায় তীব্র যানজট ও পথচারীদের ভোগান্তি বাড়ছিল। সড়কে শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, টাউন হল সভায় উঠে আসা নাগরিকদের সমস্যা সমাধান ও ঢাকা-১৩ আসনের মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button