নেপালে নিরাপদে আছেন সংগীতশিল্পী তাসরিফ খান

নেপালের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালে আটকা পড়ার সংবাদের পর ভক্তদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি দীর্ঘ এক পোস্টে পুরো বিষয়টি স্পষ্ট করেছেন।


তাসরিফ জানান, নেপালের যে এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা বা ‘ফ্ল্যাশ ফ্লাড’ ঘটেছে, তারা সেখানে ছিলেন না। তারা অবস্থান করছিলেন ‘ঘান্দ্রুক’ নামের একটি পর্যটন গ্রামে। সেখান থেকে বিরেথানটি ফেরার পথে তীব্র বৃষ্টির কারণে পাহাড়ধস ও ঢলের পানিতে সড়ক ভেসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পথ বিপজ্জনক হওয়ায় গাইড তাদের অতিরিক্ত দুই দিন সেখানে অবস্থান করার পরামর্শ দেন।

পরবর্তীতে আবহাওয়ার উন্নতি হলে তারা গাইডকে সঙ্গে নিয়ে সারা দিন হেঁটে বিরেথানটি পৌঁছান এবং সেখান থেকে গাড়িতে করে নিরাপদে পোখরায় চলে আসেন। গ্রামে অবস্থানের সময় অতিরিক্ত দুই দিন থাকায় নেপালি রুপির সংকট তৈরি হয়েছিল এবং পাহাড়ি এলাকা হওয়ায় কার্ড পেমেন্টের সুবিধা ছিল না। এই কারণে হেঁটে হলেও তাদের ফিরতে হতো বলে জানান তাসরিফ।

তাসরিফ জানান, দীর্ঘ পথ হাঁটার শারীরিক পরিশ্রম থাকলেও চারপাশের প্রকৃতি তাদের মুগ্ধ করেছে। তিনি দেশবাসীকে নিশ্চিত করে অনুরোধ জানান, কোনো বিভ্রান্তিকর শিরোনাম দেখে দুশ্চিন্তা না করার জন্য কারণ তারা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।

Related Articles

Back to top button