রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭২) রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করে শেষ বিদায় জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ধল্লা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
এর আগে রাত ২টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সিংগাইর উপজেলার গাজিন্দা এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।
গার্ড অব অনার শেষে ২৫০ থেকে ৩০০ জন স্থানীয় মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টার দিকে ধল্লা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার (পপি), স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




