পটুয়াখালীতে যুবদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

পটুয়াখালীর দুমকিতে উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত ও নবঘোষিত কমিটির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে দুমকি উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র জানায়, দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিতে ব্যবসায়ী ও অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রথমে ঝাড়ু মিছিল করেন। অন্যদিকে নবঘোষিত কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করা হলে উপজেলা পরিষদের সামনে উভয় পক্ষ মুখোমুখি হয়।

একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরবর্তীতে নতুন কমিটির নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

পদবঞ্চিত অংশের প্রতিনিধি সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। পাল্টাধাপে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল তাঁদের মিছিলের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Back to top button