নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫


নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত অশ্বদিয়া ইউনিয়নের দিদিমণি বাজার ও ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার উপজেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত অশ্বদিয়া ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটিতে পদ না পাওয়ায় সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর ও তাঁর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। শনিবার বিকেলে নতুন কমিটির আনন্দ মিছিল বের হলে পদবঞ্চিত পক্ষ প্রতিবাদ জানায়। এতে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক ইয়াছিন আলম ও সমর্থকরা প্রতিপক্ষের ওপর বহিরাগত নিয়ে হামলার অভিযোগ করলেও, মোশারফ হোসেনের দাবি তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে আগে হামলা করা হয়েছিল।
সংঘর্ষের কারণে সোনাপুর-কবিরহাট ও কোম্পানীগঞ্জ সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




