জুলাই গণহত্যার বিচারসহ ৯ দফা দাবি অল্টারনেটিভসের


জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে সাংবিধানিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও বৈষম্যহীন অর্থনৈতিক পুনর্গঠনসহ ৯ দফা দাবি জানিয়েছে ‘অল্টারনেটিভস’। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ‘দেশের অবস্থা’ শীর্ষক প্রেস মিটে এসব দাবি তুলে ধরা হয়। ৯ দফা দাবি ঘোষণা করেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ও সংগঠনের সংগঠক মাহফুজ আলম।
অল্টারনেটিভসের ঘোষিত ৯ দফা দাবি:
১. সাংবিধানিক ও অর্থনৈতিক সংস্কার: রাষ্ট্রের কাঠামোগত রূপরেখা প্রণয়ন এবং ধনী-গরিবের বৈষম্য কমিয়ে অর্থনৈতিক পুনর্গঠন করা। ২. জুলাই গণহত্যার বিচার ও স্বীকৃতি: ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ ন্যায়বিচার নিশ্চিত করা এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। ৩. মানবাধিকার ও আইনের শাসন: মানবাধিকার কমিশন ও গুম কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও জবাবদিহি নিশ্চিত করা। ৪. জ্বালানি সার্বভৌমত্ব: কুইক রেন্টাল ও অসম চুক্তির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো। ৫. স্বাস্থ্য খাত ও ওষুধনীতি: ‘স্বাস্থ্যসেবা কর্মী ও প্রতিষ্ঠান সুরক্ষা অধ্যাদেশ’ এবং ‘রোগী সুরক্ষা অধ্যাদেশ’ পাস করা এবং ওষুধের দাম সুলভ রাখা। ৬. নারী অধিকার ও সাংস্কৃতিক পরিবেশ: নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন, যৌন নিপীড়ন রোধ এবং বহুত্ববাদী সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করা। ৭. শ্রমিক ও কৃষি খাতের সুরক্ষার: ‘শ্রম আইন ২০২৬’ বাস্তবায়ন, বন্ধ কলকারখানা পুনরায় চালু, সার সংকট নিরসন ও কৃষকদের চিকিৎসার দায়িত্ব নেওয়া। ৮. শিক্ষা কমিশন ও কর্মসংস্থান: স্বাধীন শিক্ষা কমিশন গঠন, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। ৯. পরিবেশ ও জলবায়ু সুরক্ষা: প্রাণ-প্রকৃতি ধ্বংসকারী প্রকল্প বাতিল, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং দুর্যোগে বাস্তুচ্যুতদের পুনর্বাসন করা।




