ফেনীতে ঝোপে মিলল নবজাতক, দত্তক নিতে চান উদ্ধারকারী তাসলিমা

ফেনী পৌরসভার উত্তর চাড়িপুরের মুন্সিবাড়ি এলাকায় ঝোপের ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে কান্নার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা তাসলিমা আক্তার শিশুটিকে দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স চার থেকে পাঁচ দিন হতে পারে। বর্তমানে সেবিকাদের তত্ত্বাবধানে শিশুটিকে হাসপাতালের এনআইসিইউতে (NICU) রাখা হয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রৌকন উদ দৌলা জানান, শিশুটি সুস্থ রয়েছে।

উদ্ধারকারী তাসলিমা আক্তার জানান, তাঁর ঘরে দুই ছেলে সন্তান রয়েছে এবং স্বামী আব্দুল আউয়াল রাজুর সম্মতিতে তিনি শিশুটিকে দত্তক নিতে চান। এ উদ্দেশ্যে তিনি হাসপাতালেও অবস্থান করছেন। তবে স্বেচ্ছাসেবী সংগঠন কুইক রেসপন্স টিমের প্রতিনিধি জানান, উদ্ধারকারী নারীসহ আরও অনেকেই শিশুটিকে নিতে ইচ্ছা প্রকাশ করেছেন। শিশুটির পরিচয় বা পরিবারের সন্ধান মেলেনি; সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন সমন্বয় করে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Related Articles

Back to top button