যাত্রাবাড়ী থানা থেকে পালানো হত্যা মামলার আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার


রাজধানীর যাত্রাবাড়ী থানাহাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক।
একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য মিতুকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছিল।
পরে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি থানা থেকে পালিয়ে যান। তবে তিনি কীভাবে পালিয়েছিলেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।




