আড়াইহাজারে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, মাসে দুই শতাধিক কামড়ের শিকার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আশঙ্কাজনকভাবে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। পৌরসভা, পাড়া-মহল্লা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দলবদ্ধ কুকুরের আতঙ্কে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কুকুরের কামড়ে আহত হয়ে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যা মাসে দুই শতাধিক ছাড়িয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের বড় অংশই শিশু।

কুকুরের ভয়ে অনেকেই সন্তানদের একা স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না এবং সন্ধ্যার পর বয়স্কদের চলাচলেও চরম বিঘ্ন ঘটছে। এমনকি মোটরবাইকের পেছনে কুকুর তাড়া করার ঘটনাও অহরহ ঘটছে। বাজার ও আবাসিকের যত্রতত্র খাবারের উচ্ছিষ্ট বর্জ্য ফেলে রাখাকে কুকুরের জটলার অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, কুকুরের কামড় খাওয়ার পর দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন সম্ভব নয়; তবে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন সরবরাহ পাওয়া গেলে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

Related Articles

Back to top button