বাবুবাজার-বাদামতলীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএমপির অভিযান


রাজধানীর বাবুবাজার ও বাদামতলী এলাকায় ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বাবুবাজার ব্রিজের নিচ থেকে ওয়াইজঘাট পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে ২১টি মামলা এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল করে ভাতের হোটেল চালানোর অভিযোগে এক দোকানদারকে আটক করা হয়।
অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ইজারা বাতিল হওয়া চারটি ব্লকের ভাসমান দোকান, রাস্তার ওপর বসানো ফলের দোকান এবং বাদামতলী থেকে ওয়াইজঘাট এলাকার অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়।
ট্রাফিক লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম জানান, কমিশনারের নির্দেশ অনুযায়ী ভারী যানবাহন চলাচলের সময়সূচি (রাত ১০টা থেকে সকাল ৮টা) কঠোরভাবে মেনে চলতে হবে। রাস্তা দখল করে ট্রাক রেখে পণ্য বিক্রি করা বরদাশত করা হবে না।
এছাড়া বাবুবাজার ব্রিজের ওঠানামার সিঁড়ি দুটি যানজট তৈরি করলেও মিটফোর্ড হাসপাতালের রোগীদের সুবিধার কথা ভেবে তা বন্ধের বিষয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ জানিয়েছে, সড়ক ও ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




