যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডের নারী আসামি পলাতক, ৪ পুলিশ প্রত্যাহার


রাজধানীর যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে তিন দিনের রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক হত্যা মামলার আসামি কৌশলে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।
আসামি পালানোর দায়ে যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ দায়িত্বরত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহসিন মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ওই নারী আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।




