বৈষম্য দূর করে পাহাড়ি-বাঙালির সুষম উন্নয়নে কাজ করব: দীপন তালুকদার

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বৈষম্য ও দুর্নীতিমুক্ত পরিষদ গঠন এবং পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা থেকে রাঙামাটি ফেরার পথে কাউখালীর বেতবুনিয়াসহ বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

দীপন তালুকদার জানান, রাঙামাটির সব সম্প্রদায়ের উন্নয়ন, যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়ন এবং পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করাই হবে তাঁর মূল লক্ষ্য। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে কাজ করার আহ্বান জানিয়ে রাঙামাটিকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রথমবার চেয়ারম্যান হিসেবে রাঙামাটিতে আগমন উপলক্ষে বেতবুনিয়া থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত মহাসড়কে তাঁকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পরিষদের সদস্য ও কর্মকর্তারা তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়।

Related Articles

Back to top button