তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে টিকটক।


গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০২৪ সালে দায়ের করা মামলাটি এই সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পথে। চুক্তি অনুযায়ী টিকটককে তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার ও পরবর্তীতে ১০ কোটি ডলার পরিশোধ করতে হবে।

মামলায় টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে অভিভাবকদের অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহ এবং হিসাব মুছে ফেলার অনুরোধ উপেক্ষা করার অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড জুনিয়র এই সিদ্ধান্তকে মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় অর্জন বলে আখ্যা দেন।

মামলা নিষ্পত্তির প্রক্রিয়ার পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে ওরাকল, সিলভার লেক ও আমিরাতের এমজিএক্সের সঙ্গে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন যৌথ উদ্যোগ গঠন করে মালিকানা কাঠামোতেও পরিবর্তন এনেছে টিকটক। মেটাসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলোর বিরুদ্ধেও শিশুদের অনলাইন সুরক্ষা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Back to top button