নেপালে ভয়াবহ হড়পা বান, অল্পের জন্য রক্ষা পেয়ে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস


নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে অলৌকিকভাবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং মানবিক দিক বিবেচনা করে নেপালের শুটিং স্থগিত রেখে নিরাপদে দেশে ফিরেছেন তারা।
গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অপুর শুটিং টিমের ২৭ আগস্ট ওই পথ দিয়েই যাতায়াত করার কথা ছিল। ভ্রমণের সময় একদিন পর হওয়ায় তারা বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে যান।
ঢাকায় ফিরে অপু বিশ্বাস জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সংশ্লিষ্ট রাস্তাটি ১৫ থেকে ২০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন দুর্যোগময় ও মানুষের দুর্ভোগের মুহূর্তে গানের শুটিং করা অমানবিক বিবেচনা করে পুরো টিমের সর্বসম্মতিক্রমে কাজ স্থগিত রেখে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সাথে ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জিও অভিনয় করছেন। তিনি ইতিমধ্যেই নিরাপদে কলকাতায় ফিরেছেন। নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা প্রায় ৬০০ ছুঁইছুঁই এবং এখনো প্রায় দুই হাজার মানুষ নিখোঁজ রয়েছে।




