দক্ষ আইনজীবী হতে বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটি জানতে হবে: চিফ প্রসিকিউটর

একজন দক্ষ আইনজীবী হতে শুধু আইনের বই পড়াই যথেষ্ট নয়, বরং মামলার তথ্য, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের গভীরে প্রবেশের দক্ষতা থাকতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল’ ক্লাব আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জোর দিয়ে বলেন, সাক্ষী জেরার কোনো একক সূত্র নেই; পেশাগত সাফল্য নির্ভর করে আইনের ওপর দখল, তথ্য বিশ্লেষণ, যুক্তিবোধ ও নৈতিকতার সমন্বয়ের ওপর। শিক্ষার্থীদের আদালত পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আইন পেশাকে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে বিবেচনা করে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধ ধারণ করতে হবে।

অনুষ্ঠানে চিফ প্রসিকিউটর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন করেন এবং আইন বিভাগের শিক্ষার্থীদের মক ট্রায়াল পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে বিজেএস পরীক্ষার প্রস্তুতিতে কৃতিত্ব অর্জনকারী ও কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button