শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড নয়াবাজারে বিক্রির চেষ্টা, কাস্টমস গোয়েন্দার অভিযানে ১০ ট্রাক আটক


বন্ড সুবিধার আওতায় ভারত থেকে আমদানি করা প্রায় ৭৩ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ড নির্ধারিত গন্তব্য খুলনায় না নিয়ে পুরান ঢাকার নয়াবাজারে বিক্রির প্রস্তুতির সময় ১০টি ট্রাক আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নয়াবাজার এলাকায় গোপন অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়।
আটক বহরের ৯টি ট্রাকে ডুপ্লেক্স বোর্ড এবং একটি ট্রাকে অশনাক্তকৃত পণ্য পাওয়া গেছে। সিআইআইডির সহকারী পরিচালক কাজী আল মাসুম জানান, ভারতের মেহালি পেপার্স প্রাইভেট লিমিটেড থেকে খুলনার শ্রী ফ্লেক্সোপ্যাক লিমিটেডের নামে এসব পণ্য আমদানি করা হয়েছিল। চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নকৃত এই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল এম. এ. আজাদ অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং পরিবহনকারী প্রতিষ্ঠান ডেল্টা ট্রান্সপোর্ট সার্ভিস।
আইন অনুযায়ী বন্ড সুবিধার কাঁচামাল সংশ্লিষ্ট অনুমোদিত কারখানায় নিয়ে উৎপাদনের কাজে ব্যবহার করার কথা। তবে চট্টগ্রাম থেকে খুলনার নির্ধারিত রুট (কাঁচপুর-সাইনবোর্ড-পোস্তগোলা-মাওয়া এক্সপ্রেসওয়ে-পদ্মা সেতু) পরিবর্তন করে ট্রাকগুলো পুরান ঢাকার নয়াবাজারে খালাস ও বিক্রির উদ্দেশ্যে প্রবেশ করে।
অভিযানকালে একটি ট্রাক পালিয়ে গেলেও নয়াবাজারে অবস্থানরত পণ্য বিক্রির প্রস্তুতিতে থাকা অন্য একটি ট্রাকসহ মোট ১০টি ট্রাক সিআইআইডির নিয়ন্ত্রণে নেওয়া হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে। সিআইআইডি জানায়, পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, বিল অব এন্ট্রি, ইনভয়েস ও বন্ড লাইসেন্স যাচাই করা হচ্ছে। তদন্তে বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ বিক্রির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।




