ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান


মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে সরাসরি অবদানের (গোল বা অ্যাসিস্ট) অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তারকা কাভান সুলিভান।
রোববার (৩০ আগস্ট) ১৬ বছর ৩৩৬ দিন বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে দৃষ্টিনন্দন একটি গোল করে তিনি এ ইতিহাস গড়েছেন।
রেড বুলসের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে প্রতিপক্ষের দুজনকে কাটিয়ে বাঁ পায়ের শটে দলের দ্বিতীয় গোলটি করেন কাভান। এটি তার চলতি মৌসুমে ক্যারিয়ারের তৃতীয় গোল। তার এই পারফরম্যান্সে ভর করে নিউইয়র্ক রেড বুলসের সাত ম্যাচের অপরাজেয় রথ থামিয়ে দেয় ফিলাডেলফিয়া। এমএলএসের ইতিহাসে ১৮ বছরের কম বয়সী মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন তিনি।
ম্যাচে ফিলাডেলফিয়ার হয়ে অন্য দুটি গোল করেন মিলান ইলোস্কি ও ১৮ বছর বয়সী নীল পিয়েরে। অন্যদিকে রেড বুলসের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে আমেরিকান শীর্ষ লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক ঘটা কাভান চলতি মৌসুমে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ফুটবল বিশ্বে নজর কাড়ছেন।




