আর্থিক সংকটে বন্ধ হলো মিরপুরের ‘ম্যাট্রিক্স ড্রেসেস’, গভীর সংকটে তৈরি পোশাক খাত


দীর্ঘদিনের ব্যবসায়িক চাপ, আর্থিক সংকট এবং নানামুখী প্রতিকূলতার মুখে বন্ধ হয়ে গেল মিরপুরের রূপনগর শিল্প এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড’।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল ভারাক্রান্ত মনে কারখানা বন্ধের আবেগঘন ঘোষণা দেন এবং সংকটের দিনে পাশে থাকা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত ১৫০টি মেশিনের এই কারখানায় মূলতঃ টি-শার্ট ও ট্যাংক টপ তৈরি হতো। গত দুই বছর ধরে নানা চাপে কারখানাটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। মালিকপক্ষের মতে, ব্যবসায়িক মন্দার পাশাপাশি কিছু স্বার্থান্বেষী মানুষের অপতৎপরতার কারণে এটি চরম সংকটে পড়ে।
এদিকে এই ঘটনার মধ্য দিয়ে পোশাক খাতের সামগ্রিক সংকটের চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি জানান, ব্যাংকিং জটিলতা, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট, বিদেশি অর্ডার কমে যাওয়া, দরপতন এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে অনেক কারখানাই টিকে থাকতে পারছে না। তিনি আরও জানান, গত ২-৩ বছরে দেশে ৩০০টিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও ঘনীভূত হবে।




