রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার সঙ্গে কাপড় ব্যবসায়ীদের বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে কাদেরিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার নেপথ্যে জানা গেছে, জাকিয়া সুলতানার ‘আস্থা পোশাক শিল্প’ প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মচারী শাহানা পারভীন বৃষ্টি চাকরি ছেড়ে একই বাজারে নিজস্ব দোকান শুরু করেন। ব্যবসায়ীদের দাবি, জাকিয়া সুলতানা তা মেনে নিতে না পেরে বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলকে বৃষ্টির দোকান বন্ধের চাপ দেন। এতে রাজি না হওয়ায় বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ব্যবসায়ীরা জাকিয়াকে সরিয়ে দেন। পরবর্তীতে জাকিয়া সুলতানা অন্য নারীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচি ঘোষণা করলে ব্যবসায়ীদের সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্যবসায়ীরা জাকিয়া সুলতানার বিরুদ্ধে অনৈতিক কাজ ও কর্মচারীদের শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে জাকিয়া সুলতানা দাবি করেন, সাবেক কর্মচারী হিসাব না দিয়ে চলে যাওয়ায় তিনি সমিতির কাছে বিচার চেয়েছিলেন, কিন্তু উল্টো তাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধের কারণে ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

Related Articles

Back to top button