ইরানে ফের হামলা চালানোর হুমকি ট্রাম্পের


ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তেহরানে পুনরায় কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর ওপর যেকোনো আক্রমণের কড়া জবাব দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানে আরও কঠোর হামলা চালাতে প্রস্তুত।
রোববার (৩০ আগস্ট) রাতে প্রণালীতে মাইনিং রোখার অজুহাতে লারাক দ্বীপের ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন নিহত ও আহত হন।
এর জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ও বিস্ফোরক ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (IRGC)।
ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, টানা যুদ্ধের পর ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং দেশটি তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে।
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার আলোচনার পর লারাক দ্বীপে মার্কিন আগ্রাসন ও মধ্যপ্রাচ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সংঘাত পুনরায় নতুন মোড় নিল।




