৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ বন্ধসহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কর্মসূচির ঘোষণা ও সরকারের প্রতি হুঁশিয়ারি দেন জোটের নেতারা। তারা স্পষ্ট জানান, লংমার্চে কৃত্রিম যানজট তৈরি কিংবা খালি ট্রাক-বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা হলে তা কড়া হাতে প্রতিহত করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানো হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার গত ছয় মাসে জনদুর্ভোগ দূর করতে ব্যর্থ হয়েছে। তিনি শান্তিপূর্ণ এই কর্মসূচিতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং কোনো ধরনের হামলা বা বাধার চেষ্টা করা হলে সরকারের প্রতি জনঅনাস্থা আরও বাড়বে বলে সতর্ক করেন।

কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চের বহর রওনা হবে। যাত্রা পথে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ছাড়াও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button