হাতিরঝিলে ডুবুরির উদ্ধার করা বস্তুতে মিলল পিস্তলের গুলি


রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি ম্যাগাজিন (চার্জার) ও ৪৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে হাতিরঝিল প্রকল্পের মহানগর পূর্ব ব্রিজের নিচে লেকের পানিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. সেলিম নামের এক অপেশাদার ডুবুরি প্রতিদিনের মতো লেকে পড়ে যাওয়া জিনিসপত্র ও লোহালক্কড় কুড়াতে পানিতে নামেন। এ সময় ব্রিজের ওপর থেকে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য রিপন তাঁর গতিবিধি খেয়াল করেন। পানির নিচ থেকে সেলিম একটি ম্যাগাজিন ও কিছু বস্তু তুলে আনলে আনসার সদস্যের সন্দেহের ভিত্তিতে তা পরীক্ষা করা হয়। অনুসন্ধানে বস্তুগুলো পিস্তলের ৪৮ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন হিসেবে শনাক্ত হয়।
পরে আনসার কর্মকর্তা ও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গুলি ও ম্যাগাজিন হাতিরঝিল থানায় হস্তান্তর করেন।
এসব গুলি কীভাবে লেকের পানিতে এলো, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




