আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস, ভেনিস ফ্যাক্টরিকে বড় অঙ্কের জরিমানা

রাজধানীর বাসাবো এলাকায় আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ‘ভেনিস আইসক্রিম ফ্যাক্টরি’কে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাসাবোর দক্ষিণবাগ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

ভ্রাম্যমাণ আদালত জানায়, কারখানাটিতে নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদনের পাশাপাশি স্টোরেজে মাছ-মাংস এবং মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার পাওয়া যায়। এছাড়া ‘ভেনিস’ নামের এই কারখানায় ‘ড্যানিশ’ ও ‘7up’ লেবেল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনেও ব্যর্থ হয়।

সব অনিয়ম স্বীকার করায় প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button