কমিটি-বিলের রিপোর্ট নিয়ে তুমুল বিতর্ক, জাতীয় সংসদে অধিবেশন ত্যাগ বিরোধী দলের


সংসদীয় কমিটি গঠন, সভাপতি পদ বণ্টন এবং বিতর্কিত বিলের প্রতিবেদন উপস্থাপনকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ।
গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্যরা আশানুরূপ সংসদীয় কমিটির সভাপতি পদ না পাওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে একপর্যায়ে অধিবেশন কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন।
এ সময় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারি দলের এমন আচরণে তাদের সংসদে থাকার আগ্রহ কমে যাচ্ছে।
অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিলের প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন উপস্থাপনকালে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত গুম প্রতিরোধ বিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার কোনো সুযোগ রাখা হয়নি। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, নতুন এই আইনটি ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এতে গুমের শিকার ব্যক্তি বা পরিবার সরাসরি আদালতে যাওয়ার সুযোগ পাবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’-এর বিচারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। পরবর্তীতে সংশোধনী আলোচনার সুযোগ রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।
একই দিনে জাতীয় সংসদে দশটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কৃষি মন্ত্রণালয় এবং সেলিমা রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।
অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান জ্বালানি সংকট উত্তরণে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি ১৫০টি কূপ খনন/ওয়ার্কওভার, সাইসমিক জরিপ, বাপেক্স শক্তিশালীকরণ এবং ২০২৮ সালের মধ্যে নতুন এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে সাবিকুন্নাহার এমপির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের পুনর্বাসন নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে আশ্বস্ত করে বলেন, কারিগরি সমস্যা ও মধ্যপ্রাচ্য সংকটের কারণে আগস্ট মাসে তৈরি হওয়া বিদ্যুৎ ঘাটতি কাটিয়ে উঠে আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। অপরদিকে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, অপতথ্য ও গুজব ঠেকাতে ফ্যাক্টচেকিং প্রসেসকে আরও প্রযুক্তিভিত্তিক ও আধুনিক করতে স্বয়ংক্রিয় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদেরকে মূলধারার রাজনীতিতে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাইরে রাজনীতি না করে সংসদেই সব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করা বাঞ্ছনীয়।




