চাঁদাবাজির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার


রাজধানীর মোহাম্মদপুরে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিক দলের বহিষ্কৃত নেতা মো. আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম। তিনি জানান, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পিন্টুকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ভাঙা মসজিদ ট্রাক টার্মিনালে অবস্থিত আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির অফিসে গত ৩১ আগস্ট বিকেলে পিন্টুসহ আরও কয়েকজন গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা অফিসে ভাঙচুর চালান এবং বাদী মো. বেলায়েত হোসেনকে মারধর করেন। পরে সমিতির সভাপতি মনোয়ার হোসেন মন্টু ও সেক্রেটারি জহির হোসেনসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, আলী কায়সার পিন্টুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এর আগেও অন্তত আটটি মামলা রয়েছে এবং পুলিশের তালিকায় শীর্ষ চাঁদাবাজদের মধ্যে তিনি ৮ নম্বরে রয়েছেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ৮ মে পিন্টুকে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।




