সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে ৬৪ লাখ টাকার সরকারি সহায়তা


মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি ও তাঁদের পরিবারের মাঝে মোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিতরণ করা চেকগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং আহত চারজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সচিব ও পরিচালক রুবাইৎ-ই-আশিক জানান, বিআরটিএর নীতিমালার আওতায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে পাঁচ লাখ, মারাত্মক আহত বা পঙ্গুত্ববরণকারীকে তিন লাখ এবং আহত ব্যক্তিকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়। দুর্ঘটনা ঘটার তিন মাসের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে বিআরটিএ কার্যালয়ে আবেদন জমা দিতে হয়।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




