রাজবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার, একটি হাত-পা বাঁধা নিয়ে রহস্য

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ষাটনল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (আনুমানিক) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দীন প্রামাণিক পাড়ায় আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রাজবাড়ী সদরে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তথ্য থাকলে পুলিশকে জানাতে বলা হয়েছে।

অন্যদিকে, গোয়ালন্দের নবীরন বেগমের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। পরিবারের দাবি, ধানক্ষেতে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তবে স্থানীয়দের অভিযোগ, তাকে হাত-পা বাঁধা অবস্থায় আখক্ষেত থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। নিহতের ভাই আবজাল শেখ ফেসবুকে দাবি করেন, স্থানীয়ভাবে চার লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, পরিবার প্রথমে স্ট্রোক ও পরে বিদ্যুৎস্পৃষ্টের কথা জানালেও প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Back to top button