ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন: মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ও আজীবন নিষিদ্ধ

এইচএসসি (আলিম) পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে ছাত্রদের দিয়ে করানোর অভিযোগে নরসিংদীর মাধবদীতে মো. নাসির উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাকে বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব ধরণের কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ও পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত নাসির উদ্দিন মাধবদীর গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিজের বদলে ছাত্রদের দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি ছড়ানোর পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রীর নির্দেশনার পর বুধবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মাধবদী থানায় মামলাটি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের হাতে ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে এবং সেটি যাচাই-বাছাই ও তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button