মাগুরায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, সংঘাতের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

মাগুরার মহম্মদপুরে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেথুড়ী গ্রামের মোল্যাপাড়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে পলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মারজান শেখকে (২৫) আটক করে পুলিশ। অভিযানে তার কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদমান আকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক রাখার অপরাধে মারজানকে ২ মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা প্রদান করেন।

মারজানকে আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। অভিযোগ উঠেছে, সাজাপ্রাপ্ত মারজানের সমর্থকেরা বেথুড়ী ব্রিজ এলাকায় প্রতিপক্ষ প্যানেল চেয়ারম্যান আহাদের ছেলে তথা যুবদল নেতা মুকুলকে একা পেয়ে বেধড়ক মারধর করে এবং তার মোটরসাইকেল ভাঙচুর চালায়। এই ঘটনার জের ধরে উভয়পক্ষের সমর্থকেরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে অন্তত ১০ জন আহত হন।

ঘটনা প্রসঙ্গে মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব শিকদার জানান, ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি সত্য হলে মারজানের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি সম্পর্কে মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, আটকের পর উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Back to top button