ঘরে স্ত্রী মরে পড়ে আছে কি না ফোন করে জানতে বলেন ইমাম

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব বালিগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আসমা আক্তার পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মুহসিন উদ্দিনের স্ত্রী।

ঘটনার পর থেকেই তাঁর স্বামী একমাত্র শিশুকন্যাকে নিয়ে উধাও রয়েছেন। গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে আসমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইমাম মুহসিন তাঁর বাড়িওয়ালাকে ফোন করে বলেন— তাঁর স্ত্রী ঘরে মরে পড়ে আছে কি না সেটি যেন গিয়ে দেখেন। এরপরই ঘটনাটি জানাজানি হয়।

কুরবান আলী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, “হুজুরের বাড়ি এই জেলায় না। তিনি বালিগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের বাড়িতে দুই বছর ধরে ভাড়া থেকে পূর্ব বালিগাঁও জামে মসজিদে ইমামতি করে আসছেন। বাড়ির মালিক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ঢাকায় থাকেন।”

তিনি আরও জানান, সোমবার বিকেল ৪টার দিকে ইমাম মুহসিন উদ্দীন ঢাকা থেকে বাড়ির মালিককে ফোন করে বলেন, তাঁর স্ত্রী হয়তো ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। এই খবর পেয়ে এলাকার লোকজন ওই ভাড়া বাসায় গিয়ে আসমাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ জানান, খবর পেয়ে আমরা নিহতের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পালিয়ে যাওয়ায় তাঁর কাছ থেকে কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Related Articles

Back to top button