নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

যশোরের অভয়নগরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মোল্যা (৪০) নামে এক রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্যা উপজেলার সিরাজকাঠি গ্রামের বদিয়ার মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুয়েল মোল্যা সোমবারই প্রথম ওই কাজে যোগদান করেছিলেন। বিকেলে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের গেটের ওপর গাঁথুনির কাজ করার সময় হঠাৎ মাথার ওপর থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।
উপস্থিত লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুয়েল মোল্যার সংসারে স্ত্রী ছাড়াও ১১ বছর বয়সী এক ছেলে ও দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।
নিহতের স্ত্রী সাগরিকা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে তিনি এই দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে স্বামীর নিথর দেহ দেখতে পান তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, বিকেল ৪টার দিকে হাইভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর অবস্থায় জুয়েল নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



