পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর দলটির কোচের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিলেন রবার্তো মার্টিনেজ। রোমাঞ্চকর আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচে মিকেল মেরিনোর একমাত্র গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন।
নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে রোনালদো অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়ার পরপরই এই স্প্যানিশ কোচ নিজের বিদায়ের কথা জানান।
সাবেক স্প্যানিশ ফুটবলার ও পর্তুগালের এই বিদায়ী কোচ জানান, সোমবারই তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং এখন পর্তুগিজ ফুটবল কর্তৃপক্ষের নতুন কোচ বেছে নেওয়ার সময় এসেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘আমি পর্তুগালে এসেছিলাম বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে। কাতার বা যেকোনো আসরেই হোক, বিশ্বকাপ জিততে না পারলে দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই বলে মনে করি।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ ম্যাচ। আমি অত্যন্ত গর্বিত। পর্তুগালে আমি এমন উষ্ণ অভ্যর্থনা পেয়েছি যেন আমিও একজন পর্তুগিজ। এই দায়িত্ব পালন করা ছিল আনন্দের, গর্বের এবং একইসঙ্গে বড় একটি দায়িত্ব। ফেডারেশনের বোর্ড ও সভাপতি এখন নতুন কোচ নির্বাচনের সুযোগ পাবেন। আমার চুক্তি আজই শেষ হচ্ছে। এর বেশি বলার কিছু নেই।’
বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনের বিপক্ষে পর্তুগাল সাহসিকতার সঙ্গে লড়েছে উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘রক্ষণে আমরা সাহসী ছিলাম, আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি এবং খুব ভালোভাবে ডিফেন্ড করেছি। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোর মতো ম্যাচে ছোট ছোট বিষয়ই বড় পার্থক্য গড়ে দেয়। বল পোস্টে লেগে জালে যাবে কি যাবে না, কিংবা ৯০তম মিনিটে দ্রুত নেওয়া একটি ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ– এমন ক্ষুদ্র মুহূর্তগুলোই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে দেয়।’
যথারীতি নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করে মার্টিনেজ বলেন, ‘তাকে ধন্যবাদ জানাতেই হয়, কারণ তিনি ছিলেন একজন আদর্শ অধিনায়ক। শুধু গোলের জন্য নয়, তার পরিসংখ্যানই সব বলে দেয়— অ্যাসিস্টের ক্ষেত্রেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। প্রতিদিনের অনুশীলন ও প্রস্তুতিতে তার নিবেদন, ফুটবলকে ঘিরে তার জীবনযাপন– সবকিছুই অনুকরণীয়। তিনি একজন উদাহরণ, এবং আমরা সেটি উদযাপন করতেই পারি।’



