‘বিয়ের সাড়ে ৩ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা’

টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে৷ একাধিক বিয়ে, বিতর্ক ও সামাজিক কটুক্তির পর্ব পেরিয়ে ব্যবসায়ী শুভাশিস দে-র সঙ্গে নতুন করে পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথাতেই অভিনেত্রীর কোল আলো করে এলো ফুটফুটে সন্তান।

আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা— তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, আর সেই কারণেই কি এই তড়িঘড়ি বিয়ে?

বিগত দিনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে একাধিকবার নেটিজেনদের নানা বাঁকা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সুস্মিতাকে৷ তবে প্রতিবারই সেসব হাসিমুখে এড়িয়ে গিয়েছেন তিনি৷ এবার সমস্ত জল্পনা ও বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে হাসপাতাল থেকে একরত্তির ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দিলেন এই টেলি অভিনেত্রী।

মা হওয়ার এই অনন্য অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত আবেগঘন এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন সুস্মিতা৷ এর পেছনে রয়েছে তার দীর্ঘ ৭ বছরের এক যন্ত্রণাদায়ক লড়াই। সাত বছর আগেও একবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি, কিন্তু সে সময় দুর্ভাগ্যবশত তার ‘মিসক্যারেজ’ (গর্ভপাত) হয়ে যায়। সন্তান হারানোর সেই বুকফাটা যন্ত্রণার কারণেই এবার মা হওয়ার আগে তীব্র আতঙ্ক ও চিন্তায় ভুগছিলেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হাসপাতালের একটি ভিডিওতে দেখা যায়, নার্সরা যখন সুস্মিতাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের (ওটি) দিকে নিয়ে যাচ্ছেন, তখন তার মনে টেনশন থাকলেও মুখে ছিল উজ্জ্বল হাসি। নিজেই উল্টো উপস্থিত আত্মীয়দের সাহস জোগাচ্ছিলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন—

“ওটিতে যাওয়ার পালা এবার৷ সমস্ত ভয়, আশঙ্কাকে দূরে ঠেলে যুদ্ধে যাওয়ার পালা৷”

সুস্মিতা জানান, হাসপাতালে আসার পর তিনি অনেকটাই চিন্তামুক্ত হন। পাশের ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনে নিজের ভেতরের ভয়কে জয় করেন এবং একরত্তির মুখ দেখার জন্য সব ব্যথা সহ্য করে নেওয়ার মানসিক শক্তি পান।

সব জল্পনা ও অতীত যন্ত্রণা ভুলে সুস্মিতা ও শুভাশিসের সংসার এখন দুই থেকে তিনে পরিণত হয়েছে। অভিনেত্রীর স্বামী শুভাশিস দে জানিয়েছেন, বর্তমানে মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন৷ তবে তাদের কোল আলো করে ছেলে এসেছে নাকি মেয়ে— তা এখনই খোলসা করে জানাননি এই দম্পতি। আপাতত সুস্মিতার সেই একরত্তিকে দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা৷

Related Articles

Back to top button