পিরিয়ডের মধ্যে ৯ ঘণ্টার যানজট, ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী

মুম্বাইয়ের সাম্প্রতিক অতিবৃষ্টি ও ধসের জেরে তৈরি হওয়া তীব্র যানজটে আটকে পড়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ধনশ্রী কাডগাওয়ার। পিরিয়ড বা ঋতুস্রাব চলাকালীন টানা ৯ ঘণ্টা রাস্তায় আটকে থাকার সেই চরম ভোগান্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে নিজেই জানিয়েছেন তিনি।

ভারী বৃষ্টি ও এক্সপ্রেসওয়ের প্রবেশপথে ভূমিধসের কারণে পুনে থেকে মুম্বাই যাওয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই জটেই আটকে পড়েন ধনশ্রী। ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন:

“ভারী বৃষ্টি বা ভূমিধসের কারণে যানজটের কথা শুধু শুনেইছিলাম, এবার নিজেই তার মুখোমুখি হলাম। প্রায় ৯ ঘণ্টা জটে আটকে থাকাটা ছিল চরম হতাশাজনক। তার ওপর আমার পিরিয়ড চলছিল। আমি হন্যে হয়ে একটা বাথরুম খুঁজছিলাম, কিন্তু যাওয়ার কোনো উপায় ছিল না। পরে যখন একটি ফুড কোর্টে গেলাম, সেখানেও দেখি হাঁটু সমান পানি।”

এমন চরম পরিস্থিতিতে গাড়ির চালক তাকে পুনে ফিরে যাওয়ার পরামর্শ দিলেও, ধনশ্রী তা করেননি। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি বলেন, “আমরা অভিনেতারা সবসময় আমাদের কথা রাখি। যেহেতু মেগা সিরিয়ালের সম্প্রচার আটকে ছিল, তাই আমরা কষ্ট করে হলেও সেটে পৌঁছেছি।”

অভিনেত্রীর এই ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা তার পেশাদারিত্বের প্রশংসা করার পাশাপাশি এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যাতায়াত না করার ও নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Related Articles

Back to top button