‘বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই’


বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন জাইমা রহমান।
শুক্রবার (১৭ জুলাই) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে তার পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। স্কাউটিং, বিজ্ঞানমেলা ও বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে খেলাধুলা, পরিবেশ রক্ষা, সঙ্গীত, শিল্পকলা, ভাষা শিক্ষা এবং কোডিং পর্যন্ত নানা বিষয়ে তাদের অসাধারণ অর্জন রয়েছে। তাদের মেধা, জানার আগ্রহ, শৃঙ্খলা এবং দৃঢ় মনোবল সত্যিই প্রশংসার যোগ্য। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের পছন্দের বিষয়ে আরও দক্ষ হয়ে ওঠার জন্য তারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই। তবে তাদের অনেকের অল্প বয়সেই আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব কিংবা প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবের মতো বড় বড় বাধার মুখোমুখি হতে হয়। সফল হওয়া ছাড়া তাদের সামনে যেন আর কোনো পথ থাকে না। এত অল্প বয়সে এমন দায়িত্ব পালন সহজ নয়।
তরুণদের অনুপ্রাণিত করার বিষয়ে জাইমা রহমান লেখেন, শিশুদের স্বপ্ন দেখানোর জন্য রোল মডেলদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রোল মডেল হতে হলে কাউকে বিখ্যাত বা নিখুঁত হতে হয় না; তিনি হতে পারেন একজন লড়াকু বাবা-মা, সম্ভাবনাময় শিক্ষক, কিংবা অনুকরণীয় প্রশিক্ষক। অনুপ্রেরণা পাওয়ার জন্য তরুণদের সব সময় দেশের বাইরে তাকাতে হবে না, বাংলাদেশেও এমন অনেক অনুপ্রেরণীয় মানুষ রয়েছেন যাদের গল্প তরুণদের পথ দেখাতে পারে।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, শুধু অনুপ্রেরণা দেওয়াই যথেষ্ট নয়, প্রতিটি শিশু যেন তার মেধা বিকশিত করতে পারে সেজন্য সুযোগ তৈরি করতে হবে। পরবর্তী প্রজন্মকে পরামর্শ দিতে এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জাইমা রহমানের মতে, যখন তরুণদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি কিনা—সেটিই মূল প্রশ্ন।



