৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খোলার আহ্বান নাহিদ ইসলামের

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্টের মধ্যে সাধারণের জন্য খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জাদুঘর না খুললে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই হত্যা মামলার বিচার কার্যক্রমের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে চলবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে।’ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা না করায় তিনি দ্রুত কর্মসূচি ঘোষণার আহ্বান জানান।

এ সময় ১৪ দলীয় জোট নেতা হাসানুল হক ইনুর সাজার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়। তিনি আপিলের মাধ্যমে ইনুর কঠোরতর শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Related Articles

Back to top button