রাজবাড়ীর পৌর শিশু হাসপাতাল ১০ বছর পর পুনরায় চালুর উদ্যোগ


দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর রাজবাড়ী পৌরসভার নতুন বাজার এলাকায় অবস্থিত পৌর শিশু হাসপাতালটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর সকালে চার কক্ষের পরিত্যক্ত ভবনটি পরিদর্শন করেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কল্যাণ চৌধুরী।
পরিদর্শনকালে পৌর প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে ভবনের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং পৌরসভার মাসিক সভার পাশাপাশি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে দীর্ঘ ২২ বছর শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পরবর্তীতে ২০১৭ সালের সেপ্টেম্বরে পৌরসভার একমাত্র মেডিকেল অফিসার ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পর আর্থিক সংকটে নতুন চিকিৎসক নিয়োগ না হওয়ায় এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুনরায় হাসপাতালটি চালু হলে রাজবাড়ী পৌরসভার নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের শিশুদের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত হবে।




