পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা

চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম ও তার বডিগার্ডসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সম্প্রতি পাহাড়তলী ডিগ্রি কলেজের এক প্রভাষককে তুলে নিয়ে মারধর ও অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি বগা। ভোরে তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে হামলা চালায়। এই সুযোগে বগা তার পরিবারের সহযোগিতায় বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক আইনসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত জুনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে বগাসহ হামলাকারীদের গ্রেপ্তারে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button