দুই বিদ্যুৎকেন্দ্রের কয়লার দাম সংশোধন, বড় অঙ্কের ফুয়েল পেমেন্ট অনুমোদন


দেশের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আওতায় বিদ্যুৎকেন্দ্র দুটির ফুয়েল পেমেন্ট বাবদ সর্বমোট ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত এসএস পাওয়ার-১ লিমিটেডের ২×৬১২ মেগাওয়াট এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩০৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের মূল্য নির্ধারণ প্রক্রিয়া সংশোধন করা হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এসএস পাওয়ার-১ লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫০ কোটি টাকা এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের জন্য প্রায় ৩২ হাজার ৭২৪ কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানকেই সুপারিশ করা দরদাতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।




