চট্টগ্রামে অতিভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

একই সঙ্গে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এর সংলগ্ন উজানে মাঝারি-ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাতের কারণে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা ও কুশিয়ারার পানিও আগামী তিন দিন বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি সম্প্রতি বাড়লেও গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরীর পানি স্থিতিশীল এবং মুহুরী নদীর পানি কমেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন আবার স্থিতিশীল রূপ নিতে পারে।

Related Articles

Back to top button